জামালপুরের বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
নিহত কলেজছাত্রের নাম নাজমুল আলম (১৯)।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার গারো পাহাড়ের লাউচাপড়া পর্যটন বিনোদন কেন্দ্র এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নাজমুল আলম উপজেলার কামালপুর ইউনিয়নের বৈষ্টমপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি বকশীগঞ্জকে ইউ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুইদিন যাবৎ উপজেলার সীমান্তবর্তী ভারত থেকে একদল বন্যহাতি ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ে অবস্থান করছে। শনিবার নাজমুল প্রাইভেট পড়ে পাহাড়ি এলাকা বৈষ্টমপাড়া নিজ ঘরে ফিরছিল।
এ সময় লাউচাপড়া পর্যটন বিনোদন কেন্দ্রের পাশ দিয়ে আসার সঙ্গে সঙ্গে একদল হাতি তাকে আক্রমণ করে। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় নাজমুল আলম।
ঘটনার সত্যতা স্বীকার করে বকশীগঞ্জ থানার ওসি হযরত আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
এমবি





