পিস্তল নকল নয় আসল তা দেখাতে গিয়ে ছোঁড়া গুলিতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সকালে রাজশাহীর চারঘাটের রাওথা এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলা সদরের মিয়াপুর এলাকার সাহেব আলী (৩০) এবং মইদুল ইসলাম (৩৫)।
এদিকে পুলিশ জানিয়েছেন, তারা দুজনই মাদক ব্যবসায়ী। ঘটনার পর সহযোগীরাই তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করে। গুলিবিদ্ধ সাহেব আলী ২ নম্বর ওয়ার্ডে এবং মইদুল ইসলাম ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনার পর থেকে বাড়ির মালিক ও তার স্ত্রী আত্মগোপনে রয়েছেন। ওই পিস্তল উদ্ধারসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রাওথা এলাকার বাসিন্দা আফজাল হোসেনের মামার সঙ্গে পার্শ্ববর্তী কাকড়ামারি এলাকার মাহবুর হোসেনের দ্বন্দ্ব চলে আসছিলো।
মাহবুব তার এলাকার একটি বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে সকালে আফজাল হোসেন তার সহযোগী সাহেব আলী, মইদুল ইসলাম, রিপন ও হানিফকে নিয়ে সেখানে উপস্থিত হন। এ নিয়ে গৃহকর্তার সঙ্গে তাদের বাকবিতণ্ডাও হয়।
এক পর্যায়ে সঙ্গে থাকা পিস্তল দেখিয়ে বাড়ির লোকজনকে হুমকি দেন মইদুল। পিস্তলটি যে খেলনা নয় তা দেখাতে ট্রিগারে চাপ দেন তিনি। এতে মইদুলসহ তার পাশেই দাঁড়িয়ে থাকা সাহেব আলী গুলিবিদ্ধ হন। পরে সহযোগীরা তাদের হাসপাতালে নেন।
এআইজে





