খুলনায় সৈকত হাসান রোহান (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টায় নগরীর পিটিআই মোড়ে এ ঘটনা ঘটে। রাত পৌনে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

নিহত রোহান নগরীর মিস্ত্রিপাড়া এলাকার রূহুল আমিন পাইকের ছেলে। মাস খানেক আগে তিনি কারাগার থেকে বের হন।

খুলনা সদর থানার তদন্ত ইন্সপেক্টর ফরিদুল হক জানান, রোহান বুধবার রাত ১১টার দিকে নগরীর পিটিআই মোড় আহসান আহমেদ রোড এলাকায় অবস্থান করছিলেন। এ সময় এক দল দুর্বৃত্ত তার দুই হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। অভ্যন্তরীণ কোন্দল অথবা মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত রোহানের বিরুদ্ধে হত্যাসহ ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

খুলনা সদর জোনের সহকারী কমিশনার কনক কুমার দাস জানান, হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ এবং সন্ত্রাসীদের গ্রেফতারে জোর চেষ্টা চালানো হচ্ছে।

খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল বলেন, রোহান ছাত্রলীগের মহানগর শাখার বিগত কমিটির নির্বাহী সদস্য এবং সরকারি মজিদ মেমোরিয়াল সিটি (এম এম) কলেজের ছাত্র ছিলেন। তবে এখনও রোহান ওই কলেজের ছাত্র আছে কি না তা নিশ্চিত নন বলে জানান তিনি।

এম এ