নওগাঁর ধামইরহাটে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সভাপতিসহ ১০জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইন চার্জ (ওসি) মির্জা আব্দুস ছালাম জানান, সকাল থেকে হরতালের বিপক্ষে উপজেলার নিমতলী মোড়, ক্যান্টিন ও আমাইতাড়া মাড় নামক স্থানে আওয়ামী লীগ কর্মীরা অবস্থান নিয়েছিল।
অপরদিকে, দুপুর ১টার দিকে উপজেলা হাসপাতালের সামনে বিএনপির একটি মিছিল নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ কর্মীরা তাদের ধাওয়া করে। এতে উপজেলা বিএনপির সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, আড়ানগর ইউনিয়ন বিএনপির সম্পাদক শামীম কবির মিল্টনসহ প্রায় ১০জন বিএনপির নেতাকর্মী আহত হন।
তিনি আরও জানান, গুরুতর অবস্থায় তাদের উপজেলা বিএনপির সভাপতি ও আড়ানগর ইউনিয়ন বিএনপির সম্পাদককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। একই সাথে উপজেলার গুরত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেএইচ





