বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে বিভিন্ন সময়ে নৌবাহিনীর হাতে আটক হয়ে বাগেরহাট কারাগারে থাকা ৭৯ ভারতীয় জেলেকে শুক্রবার দুপুরে ভারতে পুশব্যাক করা হয়েছে।
বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলের জলসীমা থেকে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা তিন দফায় এসব জেলেদের মাছ ধরা সরঞ্জাম ও ছয়টি ফিশিং ট্রলারসহ ভারতে পুশব্যাক করে।
তিনটি মামলায় ৩ মাস থেকে ৬ মাস পর্যন্ত বাগেরহাট কারাগারে আটক থাকা এ সকল জেলের বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায়।
বাগেরহাটের মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এতথ্য নিশ্চিত করে জানায়, আটককৃতরা মামলায় অব্যাহতি পাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বাগেরহাট কারা কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুরে আটক ৭৯ জেলেকে ভারতীয় হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা মিস্টার নিয়াজ কুমার ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা দীপক দেবনাথের কাছে হস্তান্তর করে।
পুলিশ প্রহরায় এসব জেলেদের পুশব্যাকের জন্য নিয়ে যাওয়া হয় মংলা থানায়। দীর্ঘ দিন মংলা পুলিশের হেফাজতে পড়ে থাকা মাছ ধরা সরঞ্জামসহ আটক ৬টি ফিশিং ট্রলার সচল করতে বিলম্বসহ সব আনুষ্ঠানিকতা শেষে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা শুক্রবার সকালে এসব ভারতীয় জেলেদের পুশব্যাক করতে মংলা থেকে রওনা দেয়।
বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলের জলসীমা থেকে শুক্রবার দুপুরে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের কাছে ট্রলারসহ আটক জেলেদের হস্তান্তর করে।
পুশব্যাক করা এফবি সায়েম ট্রলারের ১৫ জেলে, এফবি মা কালী ট্রলারে ১৩, এফবি নাগ মাতা ট্রলারে ১৪, এফবি মা গৌরী ট্রলারে ১২, এফবি স্বরসত্বী ট্রলারে ১৩ ও এফএমভি পায়েলে ১২ জেলে রয়েছে।
এমআর





