পুরান ঢাকার নবাবপুর এলাকায় সোমবার দুপুরে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত দুই ব্যক্তি হলেন ব্যবসায়ী মোহাম্মদ আলী (২৫) ও তাঁর ব্যক্তিগত রিকশাচালক আবদুল মালেক (৩২)। তাঁরা দুজনই পুরান ঢাকার চকবাজার এলাকার জয়নব রোডে থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে মোহাম্মদ আলী তাঁর ব্যক্তিগত রিকশায় চড়ে লালবাগ থেকে নবাবপুর এলাকায় যান। বেলা একটার দিকে নবাবপুর রোডে পৌঁছানোর পরপরই দুর্বৃত্তরা তাঁদের রিকশা লক্ষ্য করে একটি ককটেল ছোড়ে। এটি বিস্ফোরিত হলে মোহাম্মদ আলীর ডান চোখ ও মাথায় স্প্লিন্টার বিদ্ধ হয়। তাঁর রিকশাচালক মালেকের মাথায় ও ঘাড়ে স্প্লিন্টার বিদ্ধ হয়। তাঁরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মোহাম্মদ আলী হাসপাতালের চক্ষু বিভাগে ও রিকশাচালক মালেক জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





