মূল বেতনের শতভাগ বোনাসের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নলজানী এলাকায় সড়ক অবরোধ করেছেন কোজিমা লিরিক গার্মেন্টসের শ্রমিকরা।

এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে ঢাকা-গাজীপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাহমিদুল ইসলাম জানান, মূল বেতনের শতভাগ ঈদ বোনাস, হাজিরা বোনাসের দাবিতে ওই কারখানার শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন তারা।

‘কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও আন্দোলন স্থগিত করেননি তারা। এমনকি অবরোধ তুলে নিতে বললে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও কারখানায় ভাঙচুর শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও গুলি করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।’

এ সময় পুলিশসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানান তিনি।

তাহমিদুল হক, দুপুর দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঢাকা-গাজীপুর সড়কে যান চলাচল শুরু হয়।

ওএফ