বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেছেন, দেশের উত্তরাঞ্চাল সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচণ্ড শীতে অসহায় বনি আদম মানবেতর জীবন-যাপন করছে। নৈতিক ও ঈমানী দায়িত্বেই দুর্গতদের সাহায্যে সকলকে এগিয়ে আসতে হবে।
আজ মঙ্গলবার বাংলাদেশ মসজিদ মিশনের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গাজীপুর এলাকার প্রান্তিক জনগোষ্ঠী,দিনমজুর ও গার্মেন্টস শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান, মাওলানা মাহতাব উদ্দীন, মাওলানা নূরুল হক, মাওলানা আবদুল কাউয়ূম প্রমুখ।
মসজিদ মিশনের সভাপতি বলেন, সকল দুর্যোগেই বাংলাদেশ মসজিদ মিশন সামর্থ অনুযায়ী অসহায়দেরকে সাধ্যমত সহযোগিতা করে থাকে। হাদীস শরীফে বলা হয়েছে “যিনি মানবতার কল্যাণে কাজ করেন তিনি সবচেয়ে ভালো মানুষ।” তাই আমরা বিত্তবান, সামর্থ্যবান ও সম্পদ শালীদেরকে অনুরোধ করব, প্রত্যেকেই যার যা সামর্থ অনুযায়ী শীতার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসবেন। আল্লাহ তায়ালা কুরআন মাজীদে ঘোষণা দিয়েছেন-“তাদের (আপনার) সম্পদে অসহায় ও বঞ্চিতদের জন্য নিশ্চিত অধিকার রয়েছে।” (সূরা যারিয়াত-১৯)। দিনমজুর খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে তাদেরকে সমাজের মূলধারায় নিয়ে আসা জরুরী। তাহলে আস্তে আস্তে অপরাধমুক্ত সমাজ গঠন করা সহজ হবে ইনশাল্লাহ।
এক বিবৃতিতে মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন ও জেনারেল সেক্রেটারী ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, সকল মসজিদের ইমাম-খতীব ও মসজিদ মিশনের মহানগর, জেলা, উপজেলা/থানা, ইউনিয়ন দায়িত্বশীলগণকে নিজ নিজ এলাকায় বিত্তবান ও সামর্থবানদের নিকট থেকে শীতবস্ত্র সংগ্রহ করে অসহায় শীতার্ত মানুষের মাঝে তা বিতরণের জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। বিজ্ঞপ্তি
এএস





