দিনাজপুরের পার্বতীপুরে ডাকাতদের নিক্ষেপ করা ককটেলে ২ পুলিশ  আহত হয়েছেন।শনিবার সকাল ৬টায় উপজেলার মন্মথপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) সাদেক ও উপ-পরিদর্শক (এসআই) মানিক।তাদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ ৩ ডাকাত দিনাজপুর সদরের রেজাউল (৪৫) ও ফরিদুল (২৬) এবং হাকিমপুর উপজেলার ফরহাদ (২২)কে আটক করেছে।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সাঙবাদিকদের জানান, ভোরে উপজেলার উত্তর সালন্দার খেরুয়াপাড়ায় আবুল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।  ডাকাতরা মন্মথপুর রেলস্টেশনে অবস্থান করছে এখবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। আর পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ করে ককটেল ছুঁড়ে মারে। এসময় ককটেল বিস্ফোরণ ঘটলে দুই পুলিশ সদস্য আহত হয়।

ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে  ওই ৩ ডাকাতকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়।

ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম