কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কর্মসংস্থানের অভাব নেই। হাত বাড়ালেই খাদ্য। অসাধ্য সাধন হয়েছে দেশে। এই অব্যাহত উন্নয়ন ভুলতে চাইলেই ভোলা যায় না , মুছে ফেলতে চাইলেই মুছে ফেলা যায় না।
বৃহস্পতিবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মুক্ত মঞ্চে মসজিদ, মন্দির গির্জায় কর্মরত মুয়াজ্জিন ও পুরোহিতদের মাঝে কম্বল, টিআরের চেক বিতরণকালে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় স্কুল মাদ্রাসায় নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগুবেই। কারণ শেখ হাসিনার দেশ প্রেম আছে। দেশ ও দেশের মানুষের প্রতি তার অগাধ ভালোবাসা রয়েছে। এসময় তিনি সবার কাছে শেখ হাসিনার জন্য দোয়া চান।
মতিয়া চৌধুরী বলেন, ইসলামের সেবা এবং বিভিন্ন ধর্মের মানুষকে শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের জন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আজ হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ এশিয়ার দ্বিতীয়।
এসময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মো. জাকির হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরাসহ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএ





