রংপুরে মাদক ব্যবসার অভিযোগে আরিফুল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ দণ্ড দেন। তবে দণ্ডপ্রাপ্ত আরিফুল পলাতক।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২৭ জুন ভোরে রংপুরের পীরগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে বাস থামিয়ে ৬২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পীরগঞ্জ থানার পুলিশ। এ সময় আরিফুল ইসলামসহ চারজনকে আটক করা হয়।

পরদিন পুলিশ চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। পরে তাঁরা জামিনে বের হন। একই বছর ২৭ জুলাই পুলিশ তিন আসামিকে বাদ দিয়ে শুধু আরিফুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানি শেষে আজ রায় দেন আদালত।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আখতারুজ্জামান পলাশ সাংবাদিকদের বলেন, জামিন নিয়ে আরিফুল পালিয়ে গেছেন। তাঁর অনুপস্থিতিতে আজ আদালত রায় ঘোষণা করেছেন।

এমই