পদ্মা সেতু নির্মাণের প্রাথমিক কাজের যন্ত্রপাতি ও মালামাল চট্টগ্রাম থেকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছতে শুরু করেছে। ৫ দিনের ব্যবধানে দুই শিপমেন্টে বিপুল পরিমাণ মালামাল মাওয়া ঘাটে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এসব যন্ত্রপাতি ও মালামালের মধ্যে রয়েছে- পদ্মা সেতু সয়েল টেস্টের কেমিক্যাল জাতীয় ৬০ টন পাউডার, ড্রেজার পাইপ ও যন্ত্রপাতি।

মঙ্গলবার রাতে দ্বিতীয় শিপমেন্টের মালামাল চট্টগ্রাম বন্দর থেকে রওনা হয়ে বুধবার রাতে মাওয়ায় পৌঁছতে শুরু করেছে। দ্বিতীয় শিপমেন্টের মালামালের কিছু অংশ মাওয়ায় পৌঁছেছে এবং বাকী মালামাল বহনকারী যানবাহনগুলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলমান রয়েছে।

দ্বিতীয় শিপমেন্টের সম্পূর্ণ মালামাল মাওয়ায় পৌঁছতে ৮ থেকে ১০ দিন সময় লাগবে বলে জানিয়েছেন এস আই চৌধুরী অ্যান্ড কোম্পানির (সিকো গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান) নির্বার্হী প্রকৌশলী আলী আহমদ।

তিনি জানান, বুধবার একশ’ টন ওজনের ৫ হাজার মিটার দীর্ঘ ড্রেজার পাইপ নিয়ে ৪০টি বড় ট্রাক এবং ১০ ট্রেইলরে সয়েল টেস্টের যন্ত্রপাতি চট্টগ্রাম বন্দর থেকে মাওয়ায় পৌঁছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর থেকে সড়কপথে ৬টি ট্রাকে করে ৬০ টন বেন্টোনাইট (এক ধরনের কেমিক্যাল জাতীয় পাউডার) সরাসরি মাওয়ায় পৌঁছে কুমারভোগ পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে খালাস করে চায়না মেজর ব্রিজের প্রকৌশলীদের কাছে হস্তান্তর করা হয়।

এস আই চৌধুরী অ্যান্ড কোম্পানির নির্বার্হী প্রকৌশলী আলী আহমদ বুধবার রাতে জানান, প্রথম শিপমেন্টে মালামালের মধ্যে ৬০ টন বেন্টোনাইট এবং সামান্য যন্ত্রপাতিও ছিল। বেন্টোনাইট পদ্মা সেতুর কাজে সয়েল টেস্টের জন্য ব্যবহার করা হবে।

তিনি আরও জানান, তৃতীয় শিপমেন্টে ড্রেজার, ভাসমান ক্রেন, টাগবোটসহ নানা যন্ত্রপাতি বহনকারী সাবমার্জেবল ভার্সেল দু’টি চীনের সাংহাই বন্দর থেকে রওনা হয়েছে। আগামী ১২ অক্টোবর বাংলাদেশের গভীর সমুদ্রের কুতুবদিয়া মোহনায় পৌঁছবে।

পানির গভীরতা কম থাকায় চট্টগ্রাম বন্দর থেকে ৪৫ নটিক্যাল মাইল দূরে বড় আকারের দুইটি জাহাজ নোঙ্গর করবে। বিশেষ ব্যবস্থায় সেখানেই কাস্টমসের কার্যাদি শেষে ছোট জাহাজে সরাসরি মাওয়ায় আনা হবে।

তিনি আরও জানান, গত ১৮ আগস্ট সমুদ্রপথে চীন থেকে জাহাজে করে পদ্মা সেতু নির্মাণকাজের এসব সামগ্রী চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এখনও অনেক মালামাল চট্টগ্রাম বন্দরে রয়েছে। যা পর্যায়েক্রমে খালাস করা হচ্ছে।

এসএইচ