গাজীপুরের জিরানী পানিশাইল এলাকায় তুরাগ নামে পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

শ্রমিকদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে খাবার পরে কারখানার সরবরাহ করা পানি খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, এ ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। তবে কর্তৃপক্ষের কাউকে কারখানায় পাওয়া যায়নি।

কারখানার নিরাপত্তাকর্মী সন্তোষ জানান, কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের কেউ কারখানায় নেই। এ ব্যাপারে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন না।

হাসপাতালে চিকিৎসাধীন ওই কারখানার শ্রমিক জামিলা বেগম, সুরাইয়া বেগম, আব্দুল বারেক ও রনি দ্য রিপোর্টকে জানান, বুধবার রাত ৮টার দিকে শ্রমিকরা কারখানার সরবরাহ করা পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েন। সকালে শ্র্রমিকরা নাস্তা করার পর কারখানা কর্তৃপক্ষ জানান, পানিতে এখন আর কোনো অসুবিধা নেই। এ কথা বলার পর তারা পানি পান করেন।

তারা জানান, পানি পান করার পরপরই পেটে ব্যথা ও বমি বমি ভাব হতে থাকে। এক পর্যায়ে তারা অচেতন হয়ে পড়েন।

চক্রবর্ত্তি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসুস্থ শ্রমিকরা রাতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে সকালে বাড়ি ফিরে যান।

তিনি জানান, সকালের শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর কারখানার সরবরাহ করা পানি পান করে অসুস্থ হয়ে পড়েন। তারা কোরিয়া-বাংলাদেশ হাসপাতাল, জিরানী জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জেআই