রাজধানীর মোহাম্মদপুরের বেড়ীবাধে ব্রাদার্স পরিবহনের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে অন্তত চার যাত্রী দগ্ধ হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বেড়িবাঁধ এলাকার ভাঙা মসজিদের কাছের সড়কে এ ঘটনা ঘটে।

আহত চার দগ্ধ ব্যক্তি হলেন- নূরজাহান (৩০), তার মুখ ঝলসে গেছে; বিল্লাল (২৬), তার মুখ, গলা, দুই হাত, কাঁধ ও পিঠ ঝলসে গেছে; আরমান (৪৫), তার পিঠ ও হাতের পেছনের অংশ ঝলসে গেছে এবং আবু তাহের (৮৫), তার মুখমণ্ডল, বুক ও দুই হাত ঝলসে গেছে। এছাড়া, বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন মনোয়ারা (৩৫)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সেকেন্ড-ইন-কমান্ড (এএসআই) সেন্টু চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নূরজাহানের মেয়ে রিতু  বলেন, আমরা গাবতলী থেকে ব্রাদার্স পরিবহনের একটি বাসে মোহাম্মদপুরে রায়ের বাজার যাচ্ছিলাম। বেড়ি বাঁধের কাছে আজিজখান রোড অতিক্রমকালে দুর্বৃত্তরা বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে।

ইআর