পূর্বপরিচয়ের সূত্র ধরে দুই যুবক এক কিশোরীকে (১২)ঘুরতে নিয়ে রাতভর পাশবিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে মাদারীপুর সদর উপজেলার খাগদি এলাকায়। ঘটনার পর কিশোরীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খাগদি এলাকায় রোমান (২২) ও একরাম (২২) নামে দুই যুবক পূর্বপরিচয়ের সূত্র ধরে রোববার বিকেলে ওই কিশোরীকে ঘুরতে নিয়ে যায়। সন্ধ্যার দিকে এই কিশোরীকে ভদ্রখোলা এলাকায় এনজিও পরিচালিত একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায়। এরপর দুই যুবক জোরপূর্বক রাতভর পালাক্রমে কিশোরীর ওপর পাশবিক নির্যাতন করে। সোমবার সকালে এই কিশোরীকে অজ্ঞান অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত দুই যুবক পলাতক রয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন জানান, ধর্ষণের শিকার কিশোরীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় এখনো মামলা হয়নি। তবে কিশোরীর পরিবার এলেই মামলা হবে।
ইআর





