গত ৪ দিনে মানিকগঞ্জে বিদেশফেরত ১৬৯ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাঁদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশফেরত হওয়ার কারণে তাঁদের নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) আরও ৬০ জন বিদেশফেরত ব্যক্তিকে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এইসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ১২ বেডের আইসোলেশন ইউনিট এবং সদর উপজেলার কেওয়ারজানি এলাকায় আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

পর্যবেক্ষণে থাকা ব্যক্তিরা সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও সিঙ্গাপুর থেকে ফিরেছেন। করোনাভাইরাস প্রতিরোধে ১১ সদস্যবিশিষ্ট জেলা কমিটিতে জেলা প্রশাসক সভাপতি ও তিনি (সিভিল সার্জন) সদস্য সচিব।

এছাড়া প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সদস্য সচিবকে করে কমিটি গঠন করা হয়েছে। তাঁরা প্রতিনিয়ত পর্যবেক্ষণে থাকা ব্যক্তিদের খোঁজখবর নিচ্ছেন। এছাড়া জেলা সদর হাসপাতালে ৯ সদস্যবিশিষ্ট কোভিড-১৯ ব্যবস্থাপনা কমিটি করা হয়েছে। এতে জ্যেষ্ঠ কনসালট্যান্ট (মেডিসিন) ডা. সাকিনা আনোয়ারকে প্রধান করা হয়েছে।

এমবি