কুষ্টিয়ায় রেললাইনের পাশে রাখা ট্রাককে ধাক্কা দিলে ট্রেনের একটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে ৫ জন আহত হয়েছেন।
রোববার বিকেল পৌনে ৫টার দিকে মিরপুর উপজেলার হালসা রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ (ডাউন) ট্রেন হালসা রেলস্টেশনের কাছে পৌঁছালে (রেলওয়ের একটি অফিস নির্মাণের জন্য বালু অপসারণের কাজে নিয়োজিত) একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ওই ট্রেনের ১টি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে ৫ যাত্রী আহত হন। আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কার ঘটনায় ওই রুটে প্রায় সোয়া ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে, এ সময়ের মধ্যে কোনো ট্রেনের সিডিউল না থাকায় চলাচলে অসুবিধা হয়নি।
এমকে





