করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৮৬৯ জনে।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৬২৯ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন আরও ৫ হাজার ২২৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন। এ নিয়ে সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ।
শুক্রবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৩৪৯টি ল্যাবরেটরিতে ২৬ হাজার ৪১৩টি নমুনা সংগ্রহ ও ২৫ হাজার ৮৯৬টি নমুনা পরীক্ষা করা হয়।
মৃত ৮৮ জনের মধ্যে দশ বছরের কম বয়সী একজন, ত্রিশোর্ধ্ব ছয়জন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন এবং ষাটোর্ধ্ব ৬০ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগওয়ারী অনুযায়ী, মৃত ৮৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৩, চট্টগ্রাম ১৮, রাজশাহীতে তিন, খুলনায় তিন, সিলেটে তিন, রংপুরে তিন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জনের মৃত্যু হয়।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ।
এমবি





