করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি জানান, ১৪ এপ্রিল থেকে দেশে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহন বন্ধ থাকবে।
শুক্রবার (০৯ এপ্রিল) দুপুরের পর গণমাধ্যমকে প্রতিমন্ত্রী এই তথ্য জানিয়েছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনার ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য এর কোনো বিকল্প নেই।
“দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নেয়ায় ১৪ এপ্রিল থেকে আরও এক সপ্তাহের লকডাউনের কথা ভাবছে সরকার।” শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে এ কথা জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর কয়েক ঘণ্টার মধ্যেই কঠোর লকডাউনের ঘোষণা দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ০৫ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সাতদিনের লকডাউন দিয়েছে সরকার। সোমবার (০৫ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হওয়া লকডাউনে ১১টি নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এ দফায় আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত থাকবে এই লকডাউন।
এমবি





