শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওলামা দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাহফিলের আড়ালে কেউ যাতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বা সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সোচ্চার থাকতে হবে। ধর্মীয় অনুষ্ঠানে কোরআন-হাদিসের সঠিক ব্যাখ্যা তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি।

ফরহাদ হোসেন আজাদ বলেন, অতীতে মসজিদগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করা হয়েছে। মসজিদ আল্লাহর ঘর উল্লেখ করে তিনি বলেন, মসজিদকে তার প্রকৃত মর্যাদায় ফিরিয়ে আনতে হবে। ইসলাম কোনো দল বা ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর—এই বিশ্বাস মানুষের হৃদয়ে ধারণ করাতে চান তারা।

তিনি আরও বলেন, দলীয় বক্তব্যের পরিবর্তে ধর্মীয় মাহফিলে এমন আলোচনা হওয়া প্রয়োজন, যা মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করবে। এ ধরনের উদ্যোগে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

এর আগে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি আবার অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিএনপি ও ওলামা দলের নেতাকর্মীরা।

সভায় বক্তারা ইসলামের সঠিক ব্যাখ্যা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এস