মাগুরা সদর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার হাজরাপুর ইউনিয়নের বারমাইল এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন স্থানীয় জোড়ামথনা গ্রামের আজাদ বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (৩২) ও আকবর বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (২৮)।

মাগুরা হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রউফ বলেন, মেহেরপুর ডিলাক্স ও চুয়াডাঙ্গা ডিলাক্স নামের যাত্রীবাহী দুটি বাস মেহেরপুর থেকে ঢাকা যাচ্ছিল। চালকেরা প্রতিযোগিতার মনোভাব নিয়ে মাগুরা-ঝিনাইদহ সড়ক দিয়ে বাস দুটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন।

বারমাইল এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্সকে পাশ কাটিয়ে সামনে যাওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয় মেহেরপুর ডিলাক্স। এতে ওই দুই মোটরসাইকেল আরোহীকে ছিটকে সড়কের ওপর পড়েন। এ সময় পেছনে থাকা চুয়াডাঙ্গা ডিলাক্স তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন রাজু। মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান লিটন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, ঘটনার পর চালকেরা বাস দুটি ফেলে পালিয়ে যান। পরে বাস দুটি আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ দুটি মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

এমই