যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কোরবানীর ঈদের সময় মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসতে দেয়া হবে না।

সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে মৌচাক বাস বাসস্ট্যান্ড এলাকায় ৪ লেনের কাজ তদারকি করতে এসে তিনি এ কথা জানান।

যোগাযোগমন্ত্রী বলেন, সবার সমন্বিত টিম ওয়ার্কের কারণে সদ্য অনুষ্ঠিত ঈদ-উল-ফিতরের সময় যানজট কিছুটা কম হয়েছে। এজন্য পরিবহন মালিক-শ্রমিক, সাংবাদিক ও প্রশাসনসহ সবার ভূমিকা রয়েছে। বর্ষা মৌসুম এখনও শেষ হয়নি। আগামী ঈদে আরো ১০ ভাগ সমস্যার সমাধান হবে। ১০০ ভাগ সমাধান করা কারো পক্ষে সম্ভব নয়।

তিনি বলেন, গাড়ির চালক যেমন বেপরোয়া, পথচারীরাও বেপরোয়া। এসব যানজটের একটি বড় কারণ। শুধু ফ্লাইওভার করলেই চিরতরে যানজট কমানো যাবে না। জনগণকে আরো সচেতন হতে হবে।

ওবায়দুল কাদের জানান, আগামী জানুয়ারি মাসে কাঁচপুর, মেঘনা ও মেঘনা গোমতী ২য় সেতুর কাজ শুরু হবে জাইকার সহায়তায়। এছাড়া সৌদি আরবের সহযোগিতায় অচিরেই শীতলক্ষ্যা সেতুর কাজ শুরু হবে।

এ সময় মন্ত্রী জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণপরিবহনে স্টিকার লাগান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী ব্যাপারে তিনি বলেন, আমি একজন মন্ত্রী হয়ে আরেকজন মন্ত্রীর ব্যাপারে কথা বলা সমুচিত হবে না। যেহেতু প্রধানমন্ত্রী তাকে নিয়োগ দিয়েছেন, তিনি তার কাছে জবাব চাইতে পারেন।

যোগাযোগ মন্ত্রীর সঙ্গে এসময় ছিলেন সড়ক ও জনপদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মোহাম্মদ মুছা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মুহিদ উদ্দিন ও জেলা সওজের নির্বাহী প্রকৌশলী রোশনি এ ফাতেমা।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ