গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস চাপায় দম্পতিসহ তিন পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার ফাঁসিতলা-মাস্তা এলাকা সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে বাসের চাপায় গুরুতর আহত হওয়ার পর মঙ্গলবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন-উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে আলিম মিয়া (৪০), একই গ্রামের খোকা মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৪০) ও ইসমাইলের স্ত্রী তারা বেগম (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ফাঁসিতলা-মাস্তা এলাকা সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আলিম, ইসমাইল ও তার স্ত্রী তারা বেগম। এদিকে, হানিফ এন্টারপ্রাইজের একটি বাস বিপরীত দিক থেকে আসা একই পরিবহনের অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়।
এসময় উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে পথচারী ওই তিনজন ও বাসের ১৫ যাত্রী আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয় তাদের।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
এআই





