ছাত্রলীগ করতে রাজি না হওয়ায় সাভারে এক পুলিশ কর্মকর্তার ছেলে ও সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র শাকিলের হাত কেটে নেয়ার ঘটনায় একই কলেজের ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
তবে মূল অভিযুক্ত সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াকিন ইয়াসারকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।
ছাত্রলীগের রাজনীতি করতে অপারগতা জানানোয় বৃহস্পতিবার শাকিলের বাম হাত কেটে ফেলে ওই দুর্বৃত্তরা। সাভার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শাকিল সাভার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শাখার প্রথম বর্ষের ছাত্র।
এদিকে হত্যা চেষ্টার অভিযোগ এনে শাকিলের মা শাহনাজ বেগম বৃহস্পতিবার সকালে বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াকিন ইয়াসারসহ ছাত্রলীগের ২১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
শাহনাজ বেগম বলেন, মামলা দায়েরের পর থেকেই তা তুলে নিতে নানা প্রকার হুমকি দিচ্ছে অভিযুক্তরা।
সাভার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মোতালেব মিয়া বলেন, বুধবার গভীর রাত পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়। কিন্তু ঘটনার পর ইয়াকিন গা ঢাকা দেয়ায় তাকে ধরা যায়নি।
তিনি বলেন, আমরা কাজী শরফুদ্দিন সাদ, সাইদুর রহমান, রাকিব, মৃদুল আহমেদ মমিন নামে ইয়াকিনের চার সহযোগীকে গ্রেপ্তার করেছি। আশা করি অন্যদেরও দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।
শাকিলের মা শাহনাজ বেগম বলেন, আমার স্বামী আব্দুর রশিদ শেরপুরের নালিতাবাড়ি থানায় কর্মরত। ছেলের হাত কেটে নেয়ার ঘটনায় তিনিও মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
কেএইচ





