রাঙামাটির লংগদুতে জান্নাতুল (১৫) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (০৩ এপ্রিল) সকালে পরিবারের সবার অগোচরে নিজের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহত কিশোরী জান্নাতুল উপজেলা সদর ইউনিয়নের ভাইবোনছড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
নিহতের মামা মো. সেলিম মিয়া জানায়, শুক্রবার সকালে পরিবারের সবার অগোচরে নিজের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জান্নাতুল।
তিনি আরও জানান, কিশোরী জান্নতুলের সাথে স্থানীয় এক কিশোরের প্রেমের সম্পর্ক ছিলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় স্থানীয়ভাবে তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত নিতে একটি লিখিত চুক্তি হয়। যেখানে উল্লেখ থাকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তাদের বিয়ে দেওয়া হবে। নতুন কোনো সম্পর্কে জড়ালে তিন লক্ষ টাকা জরিমানা দিতে হবে। ইদানিং তাদের সম্পর্কে ফাটল ধরে। এ সম্পর্কের টানাপোড়েনের কারণেই কিশোরী আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন স্বজনরা।
খবর পেয়ে লংগদু থানা পুলিশ নিহতের বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরী জান্নাতুল মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জেনেছি। তবে লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। শনিবার সকালে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
এমবি





