নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় ইকবাল হোসেন রাকিব (২৩) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার বসুরহাট-নতুনবাজার সড়কের শফিক চেয়ারম্যানের বাড়ির দরজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা বাবর উদ্দিন পিয়াস (২২) নামে আরো এক যুবক।
নিহত ইকবাল হোসেন রাকিব জেলার কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রামদি গ্রামের লকিয়ত উল্লাহ বাড়ির মোজাম্মেল হকের ছেলে। তিনি ওই ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক।
আহত বাবর উদ্দিন পিয়াস একই উপজেলার আশরাফপুর গ্রামে ফরাজি বাড়ির বাহার উদ্দিনের ছেলে।
নিহত রাকিবের চাচা ও বাটাইয়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক নজরুল ইসলাম জানান, রাতে দুই বন্ধু সাকিব ও পিয়াসকে নিয়ে মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জের নতুন বাজার থেকে বাড়ি ফিরছিলেন রাকিব।
পথে ওই এলাকায় আসার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। এতে রাকিব ও পিয়াস গুরুতর আহত হন।
এ অবস্থায় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত পিয়াস হাসপাতালে চিকিৎসাধীন।
এমবি





