প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিপন্ন মানুষকে আশ্রয় দেওয়াই আমাদের জাতীয় কর্তব্য। এটাই আমাদের রাজনীতি।

আজ শনিবার সকাল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সফর শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতি বলেন, “বিপন্ন মানুষকে আশ্রয় দেওয়াই আমাদের জাতীয় কর্তব্য। এটাই আমাদের রাজনীতি। আমরা ১৬ কোটি মানুষ। আরো ৫-৭ লাখ বেশি লোককেও আমরা খাওয়াতে পারবো। এটা আত্মবিশ্বাসের ব্যাপার। এক বেলা আমরা ভাত খাব, আরেক বেলা তাদের ভাগ দেব।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “কে কী দিবে এই আশা নিয়ে আমরা বসে থাকিনি। দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিপন্ন মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। তাদের থাকার স্বাস্থ্যসম্মত ব্যবস্থা করব। এখন আন্তর্জাতিক চাপে পড়ে মিয়ানমার রোহিঙ্গা বিষয়ে আলোচনা শুরু করেছে। আমি মিয়ানমারকে আলোচনা শুরু করার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করব।”

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ৩ সপ্তাহের সফর শেষে আজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে সরকারের উচ্চপদস্ত মন্ত্রী, আওয়ামী লীগের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট মোকাবিলায় যে সাহসের পরিচয় দিয়েছেন, তাই তিনি দুনিয়ায় বিপন্ন মানবতার বাতিঘরে পরিণত হয়েছেন। তাই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

এমবি