সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০ দলীয় জোট সারাদেশে হরতাল-অবরোধ ডেকে যেভাবে গণহত্যা চালাচ্ছে তাতে গণআন্দোলন হয় না।
মঙ্গলবার সকালে গাজীপুরের চক্রবর্তী এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএ’র সচেতনতামূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, হরতাল হচ্ছে গণআন্দোলনের চূড়ান্ত পর্যায়ের কার্যকর হাতিয়ার। কিন্তু অতি ব্যবহারে, অপপ্রয়োগে মাধ্যমে হরতাল-অবরোধকে বিএনপি একটি অকার্যকর ও ভোঁতা হাতিয়ারে পরিণত করেছে।
এরপর তিনি চক্রবর্তী এলাকায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটওভার ব্রিজের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফতাব উদ্দিন আহমেদ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজ্জাদ হোসেন প্রমুখ।
এমকে





