রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবরুল জামিল সুষময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বোয়ালিয়া মডেল থানার পদ্মা গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ দীপ্ত নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
রাজশাহী বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল জানান, রাবি ছাত্রলীগ নেতা জামিল মোটরসাইকেলযোগে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে সন্ধ্যার দিকে নগরীর পদ্মা গার্ডেনে আসেন।
পদ্মা গার্ডেনের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় স্থানীয় এক যুবকের কাছে থাকা ছুরি দিয়ে ছাত্রলীগ নেতা জামিলকে আঘাত করে। এতে জামিল কাঁধের নিচে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দীপ্তকে আটক করে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ এএসআই শফিকুল ইসলাম সরকার জানান, আহত জামিল হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
জেআই





