নারায়ণগঞ্জের আড়াইহাজারে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। বুধবার দুপুরে উপজেলার টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হামিদুল ইসলাম ওরফে সাকুর (৫০)। তাঁর বাড়ি টেকপাড়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ দুপুরে উপজেলার টেকপাড়া ঈদগাহ-সংলগ্ন মাঠে দুই দল কিশোরের মধ্যে ক্রিকেট খেলা চলছিল। খেলায় একজন আউট হওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধ বাধে। এ বিরোধে জড়িয়ে পড়েন ওই গ্রামের বড়রাও। এর জের ধরে মনির গ্রুপ ও সাকুর গ্রুপের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে সাকুর, মনির, রায়হানসহ পাঁচজন আহত হন। গুরুতর অবস্থায় নরসিংদীর মাধবদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাকুরের মৃত্যু হয়। অন্য চারজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সাকুরের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেএইচ





