ভোলার লালমোহন উপজেলায় ওয়ার্ড যুবলীগ সভাপতি মোহাম্মদ মোস্তফার (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মোস্তফা উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফের ছেলে। তিনি ওই ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
লালমোহন থানার অফিসার ইন চার্জ (ওসি) আক্তারুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোস্তাফা বাড়ি থেকে বেরিয়ে রাতে আর ফেরেননি। সকালে নিজ বাড়ির পুকুর পাড়ে একটি কাঁঠাল গাছের সঙ্গে গলায় বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা তাকে দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তাকে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আক্তারুজ্জামান।
কেএইচ





