জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী আকর্ষণীয় ও দৃষ্টিনন্দিত উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ ভবনের সার্বিক রক্ষণাবেক্ষণ, সংস্কারের ক্ষেত্রে সে কারণে অধিক যত্নশীল হতে হবে। এসময় লুই আই কানের মূল নকশা অনুসরণ করার উপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার (২৯ জুলাই) জাতীয় সংসদের শপথ কক্ষে ‘জাতীয় সংসদ ভবনে স্থাপত্য সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা’ শীর্ষক এক সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন স্পিকার।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভায় স্পিকার বলেন, সংসদকে লুই আই কানের নকশা অনুযায়ী সাজানোর বিষয়টি প্রায় চুড়ান্ত পর্যায়ে। আজকের সভার ভিত্তিতে ঈদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করে তার দিক নির্দেশনা অনুযায়ী সংসদের সংস্কার কাজ সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, সংসদের উত্তর প্লাজায় বিভিন্ন উইংয়ের অফিস কক্ষ, লবির আকার, কর্মকর্তাদের অফিসে প্রবেশের জন্য অটোমেটিক সেন্সর ডোর, অফিসারদের আগমন ও প্রস্থানের রাস্তার সাথে প্রধানমন্ত্রীর আগমন ও প্রস্থানের রাস্তার নিরাপত্তা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদি নিয়ে সভায় আলোচনা হয়।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার, গৃহায়ণ ও গণপূর্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম এ সভায় তাদের মতামত দেন।
এর আগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্বাহী আর্কিটেক্ট সাঈকা বিনতে আলম জাতীয় সংসদ ভবনের স্থাপত্য সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনবি
এমবি





