লক্ষ্মীপুর শহরের পুরাতন শহীদ মিনার এলাকায় ও সদর উপজেলার মিছাহাট খোলা এলাকায় পুলিশ ও সন্ত্রাসী বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে সন্ত্রাসী বাহিনীর প্রধান ও যুবলীগ নেতা মো. শাহজাহান গুলিবিদ্ধ হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।
পুলিশি সূত্রে জানা যায়, আজ বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরতান শহীদ মিনার এলাকায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বাহিনী প্রধান মো. শাহজাহান ও তার বাহিনীর সন্ত্রাসীরা ওই এলাকায় একটি মদের আসরে বসে। এ খবর পেয়ে ডিবি পুলিশ ঘটসাস্থল এলে বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়।
পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে আধাঘন্টা ব্যাপী গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এসময় বাহিনী প্রধান বাংগাখাঁ ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. শাহজাহান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় আটক করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পুলিশ পাহারা ভর্তি করা হয়।
এসময় পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আলতাফ হোসেন ও জামাল হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ও সন্ত্রাসীদের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী বাহিনীর প্রধান শাহজাহানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শাহজাহানের বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিসহ ডজনখানিক মামলা রয়েছে।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





