করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই পুরুষ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৮৯ জন।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৯১৫ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৫২ হাজার ০৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২২৯ জন। এখন পর্যন্ত এই ভাইরাস থেকে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫ হাজার ৩৩৯ জন।
মঙ্গলবার (০৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবরেটরিতে মোট ১৭ হাজার ৯৭৩টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪১ লাখ ৮০ হাজার ৯৩৮টি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ৫৩ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ত্রিশোর্ধ একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব ৫ জন এবং ষাটোর্ধ্ব ৬ জন। বিভাগওয়ারী হিসেবে মৃত ১৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম, বরিশাল ও রংপুরে একজন করে মোট তিনজন মারা গেছেন।
গত বছরের ০৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।
আজ (০৯ মার্চ) পর্যন্ত এই মহামারিতে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৮৯ জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৪৩০ জন (৭৫ দশমিক ৬৩ শতাংশ) এবং নারী ২ হাজার ৬৯ জন (২৪ দশমিক শূন্য ৩৭ শতাংশ)।
এমবি





