চাঁপাইনবাবগঞ্জে অপহরণের পাঁচ দিন পর বৃহস্পতিবার রাতে কবিতা (৪) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। আটকৃতরা হলো- পৌর এলাকার আজাইপুর আবুরাজপাড়া গ্রামের এমরান আলীর ছেলে শিহাব রেজা ও শংকরবাটি এলাকার আব্দুল মালেকের ছেলে সাগর আহম্মেদ ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে সংবাদ সম্মেলনে র‌্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, ৩০ আগস্ট সকাল ১১টার দিকে বটতলাহাট এলাকার কুরবান আলীর শিশুকন্যা কবিতাকে বাড়ির সামনে থেকে অপহরণ করে কুরবান আলীর খালাতো ভাই শিহাব। এরপর মোবাইল ফোনের মাধ্যমে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সে।

ঘটনাটি র‌্যাবকে জানানোর পর মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে বিকালে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ব্রিজের ওপর থেকে অপহরণকারী দুজনকে আটক করে র‌্যাব। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার পোল্লাডাঙ্গা স্কুলের পাশে একটি চাতালের পেছন থেকে মাটির নিচে পুঁতে রাখা কবিতার মৃতদেহ উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

তিনি আরও জানান, অপহরণের পর ওই দিন রাতে কবিতাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানায় অপহরণকারীরা।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই