টঙ্গী-ভৈরববাজার ৬৪ কিলোমিটার ডাবল লাইন, ৫৩৫.২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৪ বিদ্যুৎকেন্দ্রসহ মোট ১৫টি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী এসব প্রকল্পের উদ্বোধন শেষে সংশ্লিষ্ট প্রকল্পের কর্তাব্যক্তিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন।
টঙ্গী-ভৈরববাজার ৬৪ কিলোমিটার ডাবল লাইন মেগা এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে দুই হাজার ২১২.৬১ কোটি টাকা।
এর মধ্যে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) এক হাজার ৮২৩.০৯ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার ৩৮৯.৫২ কোটি টাকা অর্থায়ন করেছে।
নতুন চালু হওয়া চার বিদ্যুৎকেন্দ্র হলো— গাজীপুরের কড্ডায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, আশুগঞ্জে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, পটিয়ায় ১০৮ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ও জাঙ্গালিয়ায় ৫২.২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।
এসব প্রকল্প উদ্বোধন ঘোষণা শেষে প্রধানমন্ত্রী প্রথমে তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। জেলার কোটালীপাড়ায় ৬ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
এরপর ধারাবাহিকভাবে চট্টগ্রামের পটিয়া থেকে যোগ দেওয়া মেয়র আজম নাসির উদ্দিন এবং ভৈরববাজার রেলস্টেশনে থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেওয়া রেলপথ মন্ত্রী মুজিবুল হকের সঙ্গে কথা বলেন।
এসএম





