শনিবার (২০ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন সাইন্স ল্যাবরেটরির বিপরীতে হাউজ নাম্বার-১, রোড নাম্বার-২ এবং ধানমন্ডি মিরপুর রোডের রাস্তার উভয় পাশের ফুটপাত ও রাস্তা থেকে সকল প্রকার অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে পরিষ্কার করা হয়েছে বলে ডিএসসিসি জানিয়েছে।
এ সময় ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করায় তিনটি মামলার মাধ্যমে নগদ তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে ডিএসসিসি অঞ্চল-১ এর অধীন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার ও পার্শ্ববর্তী এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণকল্পে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়।
অভিযানকালে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও বাজার/দোকানপাট শৃঙ্খলায় আনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনে মোট ২১টি মামলায় ২২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।ফলে অভিযানে পৃথক জায়গায় মোট ২৪টি মামলায় সর্বমোট ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় হয়।
অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিএসসিসি জানায়, নগরীর শৃঙ্খলা বজায় রাখা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএম