ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার দুপুরে পৃথক পৃথক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এক শোকবাণীতে এই দুর্ঘটনাকে মর্মান্তিক ও দুঃখজনক হিসেবে উল্লেখ করে মৃতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহের এই মর্মান্তিক ঘটনায় যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মৃতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে শুক্রবার দুপুরে অপর এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পাশাপাশি আহতদের আশু সুস্থতাও কামনা করেন তিনি।

কোন পরিস্থিতিতে এবং কী কারণে এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে তা দ্রুত তদন্তের দাবি জানান এবং একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।

এমআর