নগরীর তেজগাঁওয়ে আর নতুন করে কোনো শিল্প কারখানা করা যাবে না। তবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার জন্য ভবন তৈরি করা যাবে। একই সঙ্গে মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে। সব কাজ জুন ২০১৭ সালের মধ্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দেন। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।
একনেক সভায় তেজগাঁও এলাকায় শিল্প কারখানা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এলইডি লাইট(সিকেডি) অ্যাসেমব্লিং প্ল্যান্ট প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হলো। তবে তেজগাঁও এলাকায় আর কোনো শিল্প কারখানা তৈরি করা যাবে না। আমরা নতুন নতুন ইকোনোমিক জোন করে দিচ্ছি। এসব স্থানে শিল্প কারখানা নির্মাণ করতে হবে।
এমএইচ





