শেষ দিনে নির্বাচন কমিশনে (ইসি) ২০১২-১৩ অর্থ বছরে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
রোববার দুপুর ১টায় দলের পক্ষ থেকে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) উপস্থিত হয়ে তাদের এ হিসাব জমা দেন।
এ হিসাবে ৬ কোটি ৭০ লাখ টাকা খরচ উল্লেখ করা হয়েছে। এর বিপরীতে আয় দেখানো হয়েছে ১২ কোটি ৪০ লাখ টাকা।
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের কাছে আয়-ব্যয়ের রির্টান দাখিল করা হয়।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ আয়-ব্যয়ের রির্টান দাখিল শেষে সাংবাদিকদের বলেন, আমাদের সবচেয়ে বেশি আয় ২০১৩ সালে নির্বাচনের আগে মনোনয়ন ফরম বিক্রি থেকে। আমাদের ২ হাজার ৬ শ' ৮টি ফরম বিক্রি হয়েছে। এতে ২৫ হাজার টাকা করে ৬ কোটি ৫২ লাখ টাকা এসেছে।
তিনি বলেন, এছাড়াও প্রাথমিক সদস্য সংগ্রহ, কেন্দ্রীয় কমিটির চাঁদা থেকে বাকি আয় হয়েছে।
তিনি বলেন, আর ব্যয় হয়েছে প্রচার-প্রচারণা, সভা সেমিনার থেকে। এছাড়াও দলের আবাসিক খরচ, আপ্যায়ন বিল থেকেও খরচ হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনে (ইসি) এ পর্যন্ত মোট ৩৫টি দল তাদের আয়-ব্যয় রির্টান দাখিল করেছে। আর এখনও জমা দেয়নি ৪টি দল।
চলতি বছর জুলাই মাসের ৩১ তারিখ জমার শেষ তারিখ থাকলেও বড় কয়েকটি দলের আবেদনের ভিত্তিতে এর সময় বাড়ানো হয় ৩১ আগস্ট পর্যন্ত।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





