রাজধানীর পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে অনেকে আহত হন। রিপোর্টারদের পাঠানো তথ্য থেকে জানা যায়।
ঢাবির দোয়েল চত্বর:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে দুষ্কৃতিকারীদের ককটেল বিস্ফোণে এক রিকশাচালক আব্দুল মান্নানসহ (৫৮) ২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত রিকশাচালক মান্নান বলেন, ঢাকা ইউনিভার্সিটি এলাকার দোয়েল চত্বর মোড় দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরিত হয়ে স্প্লিন্টার ডান হাতে লাগে।
ঢাবির কলাভবন:
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ভেতরেই বোমা বিস্ফোরণ ঘটেছে।
মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে কলা ভবনের ভেতরে ইতিহাস এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাঝামাঝি এলাকায় ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হওয়ার পর সেখানে গিয়ে আরেকটি বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল এসে অবিস্ফোরিত বোমাটি নিয়ে যায়।
এর আগে গত ১৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের মধ্যেই কলা ভবনের একটি টয়লেট থেকে চারটি বোমা উদ্ধার করে পুলিশ।ওই ভবনের নিচ তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় ‘বোমা’ চারটি পাওয়া যায়।
ফুলবাড়ীয়া:
ফুলবাড়ীয়ার সিদ্দিক বাজার এলাকায় জুতা ব্যবসায়ী হেলাল উদ্দিন তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। ককটেলের স্প্লিন্টার তার হাঁটুর নিচে লাগলে তিনি আহত হন।
পরে তার দোকানের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান, তাদের দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
জাবি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণকারী দুষ্কৃতিকারীদের দুই দিনের রিমান্ডে নিয়েছে আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনের কথা ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আহমেদ অনিক।
এ সময় ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন সেতু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দিপু, মোর্শেদুর রহমান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে ওয়াসিমকে আটক করা হয়। পরে তাকে আশুলিয়া থানা পুলিশে সোপার্দ করা হয়।
এদিকে এ ঘটনায় রাতে বিশ্ববিদ্যালয় প্রধান নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী (সজল) আশুলিয়া থানায় বাদী হয়ে ওয়াসিমসহ চারজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন- ছাত্রদলের শহীদ রফিক-জব্বার হলের আহ্বায়ক আশরাফুল ইসলাম শরীফ (সরকার ও রাজনীতি বিভাগ-৩৯তম ব্যাচ), সদস্য সচিব জাহিদ হোসেন (নৃবিজ্ঞান বিভাগ-৪০তম ব্যাচ) ও মীর মশাররফ হোসেন হলের ছাত্রদল কর্মী মুরাদ হোসেন হিরা (ইতিহাস-৩৭তম ব্যাচ)।
ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা ও ওয়াসিমকে রিমান্ডে নেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রাজধানীতে প্রজন্ম লীগের কার্যালয়ে অগুন:
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় রাজধানীর শনির আখড়ার কাজলারপাড় এলাকায় মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে র্যাব-১০ এর একটি টিমসহ পুলিশের দু'টি টিম ঘটনাস্থলে পৌছেছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
কার্যালয়টি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপরে স্থাপিত ছিল। মুলি বাসের অফিস কক্ষ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে যায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
এসএইচ





