ফরিদপুরের সালথা উপজেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।
উপজেলার গট্রি ইউনিয়নের সিংহপ্রতাপ ও মেম্বারগট্রি গ্রামের আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সোমবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষ থামাতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। বর্তমানে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
স্থানীয় ও পুলিশ জানায়, রবিবার রাতে জুয়া খেলাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ নেতা মুন্নান কাজীর সমর্থকদের সঙ্গে গট্রি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম মোল্যার সমর্থকদের হাতাহাতি হয়।
এরই জের ধরে সোমবার সকাল থেকে উভয় গ্রুপের কয়েকশ লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছু সময়ের জন্য সংঘর্ষ থামালেও পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় গ্রুপ।
সংঘর্ষে সালথা থানার এসআই মনির হোসেন, কনস্টেবল মোহাম্মদ আলীসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। দু’দফায় এ সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
আহতদের মধ্যে সালথা থানার এসআই মনির হোসেন, কনস্টেবল মোহাম্মদ আলী, গ্রামবাসী অদুদ, আলিম, কালাম, আক্কাস খালাসী, শরিফুল, নজরুল ইসলাম গুরুতর আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া আহত অন্যদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ থামাতে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪৫ রাউন্ড রাবার বুলেট, ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশের টহলের ব্যবস্থা করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকায় পাঁচজনকে আটক করা হয়েছে।
এমকে





