ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন ২২ জুলাই। টিকিটের জন্য ২০টি কাউন্টারের সামনে লাইন দেখা গেলেও, দেখা যাচ্ছে না এর শেষ কোথায়!
মঙ্গলবার সকাল থেকে ২৬ জুলাইয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
লাইনের সামনের লোকজনই ভাগ্যবান। রাত আর দিন স্টেশনে অবস্থান করে টিকিট পেয়ে যেন মনে হলো আকাশের চাঁদ পেলেন। কিন্তু আসছেন আরও হাজারে হাজার। স্টেশনে টিকিট পেতে হাহাকার করছেন আরও কয়েক হাজার মানুষ।
অন্যান্য দিনের মতো মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে রেলস্টেশন কর্তৃপক্ষ। তবে লাইনে দাঁড়ানো অনেকেই টিকিট হয়ত নাও পেতে পারেন। সে কারণে অনেকের মধ্যে অনিশ্চয়তাও দেখা গেল।
কমলাপুর রেলস্টেশন সূত্র জানায়, যে সংখ্যক টিকিট দেওয়া হবে তার চেয়ে বেশি মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। সে কারণে অনেকেই হয়ত টিকিট নাও পেতে পারেন।
কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক খায়রুল কবীর বলেন, যতক্ষণ পর্যন্ত টিকিট আছে, ততক্ষণ পর্যন্ত বিক্রি করবো। কোনো অনিয়ম হবে না।
কালোবাজারি সহ্য করা হবে না বলেও জানান তিনি।
টিকিটের জন্য রোববার সন্ধ্যা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন তসলিমা বেগম। সন্ধ্যায় এসে দাঁড়ালেও তার আগে আরও প্রায় অর্ধশত মানুষ রয়েছেন।
তিনি বলেন, রাতে সংবাদপত্র বিছিয়ে বসে সময় পার করেছি। রাতভর লাইন বেড়েছে। সেহরির পর অনেকেই এসে লাইনে দাঁড়িয়েছেন।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





