সোমবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন দীর্ঘ সময় ধরে লোডশেডিং হচ্ছে। কোথাও কোথাও ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। একই সঙ্গে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল আগের তুলনায় দুই থেকে তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা বলেন, বিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও অস্বাভাবিক বিল পরিশোধ করতে হচ্ছে সাধারণ মানুষকে। তাদের ভাষ্য, এ পরিস্থিতিতে জনজীবনে ভোগান্তি বেড়েছে এবং সমস্যা সমাধানের পরিবর্তে তা আরও জটিল হয়ে উঠছে।

তারা আরও অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে ঘাটতি থাকলেও মূল্য বৃদ্ধির আলোচনা চলছে, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

বিক্ষোভ সমাবেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, নির্বাচনের আগে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

সমাবেশ থেকে সরকারের প্রতি বিদ্যুৎ ও গ্যাস সংকট দ্রুত সমাধান এবং জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এস