রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালিয়ে গেলেন তার স্বামী। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বিষপানের তথ্য দিয়ে স্ত্রী রিক্তা বেগমকে তার স্বামী মাসুদ রানা হাসপাতালের জরুরি বিভাগে আনেন। এরপর তিনি পালিয়ে যান।
এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল মবিন জানিয়েছেন, বিকেলে মাসুদ রানা নামে এক ব্যক্তি রিক্তা বেগমকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে বিষপান করেছে বলে জরুরি বিভাগে আনেন। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা দেখেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
স্বজনরা জানান, শ্বাসকষ্টে রিক্তা মারা গেছে বলে খবর পেয়ে তারা হাসপাতালে এসে রিক্তাকে মৃত অবস্থায় পান।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, মাসুদ রানার বাড়ি মিঠাপুকুর উপজেলার গোপিনাথপুরে হলেও পরিবার নিয়ে সে পার্শ্ববর্তী উপজেলা পীরগঞ্জের ভেন্ডাবাড়িতে থাকতেন। ঘটনাস্থল সেখানে হওয়ায় এ ব্যাপারে পীরগঞ্জ থানা আইনানুগ ব্যবস্থাগ্রহণ করবে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেশচন্দ্র সরকার জানান, বিষপানে আত্মহত্যার খবর তারাও পেয়েছেন। তবে মৃত্যু নিয়ে এখনও কেউ অভিযোগ করেনি। কেউ অভিযোগ দিলে তা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
তিনি জানান, মরদেহটি রংপুর মেডিকেলে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ উদঘাটন হবে।
এএস





