পঞ্চগড়ের আটোয়ারীতে তনু বেগম (১৯) নামে ৪ মাসের অন্তঃসত্ত্বা এক নববধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের গাছবাড়ি গ্রামের মনির হোসেনের স্ত্রী।
আজ রোববার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই নববধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তনু বেগমের স্বামী মনির হোসেনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীরা জানায়, আট মাস আগে জেলার সদর উপজেলার মিড়গড় মধ্যপাড়া গ্রামের তজমুল হোসেনের মেয়ে তনু বেগমের সাথে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের গাছবাড়ি গ্রামের পশিরুল ইসলামের পুত্র মনির হোসেনের বিয়ে হয়।
বিয়ের পর থেকে সুখেই কাটছিল তাদের সংসার জীবন। রোববার সকালে তনুর লাশ বাড়ি পাশের একটি পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে আটোয়ারী থানার এসআই রাজু সরকার ঘটনাস্থল থেকে ওই নববধুর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহ আলম জানান, মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





