চীনের তৈরি সিনোফার্মের করোনা টিকার দ্বিতীয় চালানের ১০ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছেছে।

শনিবার (১৭ জুলাই) রাত পৌনে ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টিকাগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এ নিয়ে এখন পর্যন্ত সিনোফার্মের ৪১ লাখ ডোজ টিকা বাংলাদেশে এলো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আরও ১০ লাখ ডোজ টিকা দেশে আসার পথে রয়েছে। রাত ৩টার দিকে আরেকটি ফ্লাইটে সিনোফার্মের সেই টিকা দেশে আসার কথা রয়েছে।

এক কোটি ৫০ লাখ ডোজ করোনা টিকা কিনতে চীনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার। ধাপে ধাপে তিন মাসের মধ্যে টিকাগুলো বাংলাদেশে আসার কথা রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো: শামসুল হক জানান, চীন থেকে আসা এই ১০ লাখ ডোজ টিকা আনলোড করে বিমানবন্দর থেকে অধিদফতরের ইপিআই স্টোরেজে পাঠানো হবে।

গত ৩ জুলাই রাতে ঢাকায় পৌঁছায় চীন থেকে কেনা টিকার প্রথম চালান। পরদিন সকালে আসে আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা। এছাড়া দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেয় চীন।

এমবি