বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন পেশাজীবীরা।
রোববার সকাল ১১টায় গুলশান ২ এর গোলচত্তর থেকে গুলশান-বনানী সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে আওয়ামী লীগ সমর্থিত প্রকৌশলী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, লেখক, শিল্পীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। তারা হরতাল-অবরোধের বিপক্ষে বিভিন্ন ধরনের ব্যানার-পোষ্টার প্রদর্শণ করেন।
এই সব ব্যানার-পোষ্টারে ‘মানবতার পক্ষে আমরা সহিংসতার বিপক্ষে, ‘পুড়ছে স্বদেশ, জ্বলছে স্বজন’, ‘বার্ন ইউনিটে এ কোন বাংলাদেশ’, ‘মায়ের কোলে দগ্ধ শিশু এ রাজনীতি নয় অন্য কিছু’, ‘থামাও সহিংসতা’ ইত্যাদি লেখা শোভা পায়।
মানববন্ধনে অংশ নেওয়া একজন নারী উদ্যোক্তা কানিজ মাসুমা সুলতানা হরতাল-অবরোধ প্রত্যাহরের দাবি জানিয়ে বলেন, ‘আমরা সাধারণ মানুষ সহিংসতার বিপক্ষে। আমরা জিম্মি হয়ে পড়েছি। এ থেকে মুক্তি চাই। যারাই সহিংসতা করুক তা বন্ধ করতে হবে। যারা সহিংসতা করে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।’
সহিংসতা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবানও জানান তিনি।
দেশব্যাপি নাশকতার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দায়ী করেন বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোটের সভাপতি ও সংসদ সদস্য এ্যাড. তারানা হালিম। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ হত্যা করছে। তার এই মানুষ হত্যার কর্মসূচিতে জনগণের অংশগ্রহন নেই।’
তারানা হালিম বলেন, ‘সহিংসতা মানবিকতা হতে পারে না। সহিংসতা মানুষের অধিকার রক্ষা কর্মসূচি হতে পারে না। তাই সহিংসতা বন্ধ করতে হবে।’
অন্যান্য পেশাজীবি ছাড়াও মানববন্ধনে বেশ কয়েকজন জনপ্রিয় সাংষ্কৃতিক ব্যক্তিত্ব অংশ নেন। এর মধ্যে রয়েছেন সৈয়দ হাসান ইমাম, পীযুষ বন্দ্যোপাধ্যায়, তুষার খান, নাদের চৌধুরী, চঞ্চল চৌধুরী প্রমুখ।
এমএইচ/ইআর





