গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় এক জেএমবির সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জেএমবি সদস্যর নাম ফজলে রাব্বী (৩২) বলে জানা যায়।

সোমবার ভোরে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বসন্তেরপাড়া নিজ বাড়ির পাশে রোববার রাত ৯টার দিকে দুর্বৃত্তদর গুলিতে আহত হন ফজলে রাব্বী। রাব্বী বসন্তেরপাড়া গ্রামের সাদ্দাকাসের ছেলে এবং বাংলা ভাইয়ের একজন অনুসারী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ফজলে রাব্বী কিছুদিন ধরে ঢাকায় থাকতেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি আসেন। রোববার রাতে বাজার থেকে নিজ বাড়ি ফেরার সময় ওয়াপদা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে পালিয়ে যায়।

পরে গুরুতর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফজলে রাব্বী মূলত বাংলা ভাইয়ের (জেএমবি) অনুসারী।

তার সঙ্গে জেএমবির অন্য একটি গ্রুপের বিরোধ ছিল। এ বিরোধের জের ধরেই জেএমবির সদস্যরা তাকে গুলি করে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এসএইচ