বিয়ের ২৪তম দিনে ঢাকার চকবাজারে আগুনে পুড়ে বড় ভাইসহ মারা গেছেন যুবক ব্যবসায়ী মাহবুবুর রহমান রাজু (৩০)।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গের সামনে আহাজারি করছে রাজুর শ্বশুর আবুল খায়ের। বলছেন, “মা (মেয়ে) আমার বিধবা হলো। ওর সামনে আমি কী করে দাঁড়াব।”
রাজু তাঁর বড় ভাই মাসুদ রানার সঙ্গে নিজেদের দোকানে আগুনে পুড়ে মারা যান।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, চকবাজারে ওয়াহেদ ম্যানসনের নিচতলায় রাজু ও রানা দুই ভাই মিলে রানা টেলিকম সার্ভিস নামে একটি দোকান পরিচালনা করতেন। বুধবার রাতে আকস্মিকভাবে যখন আগুন লাগার ঘটনা ঘটে তখন দুই ভাই দোকানেই ছিলেন। আগুন থেকে বাঁচতে একপর্যায়ে তাঁরা দোকানের শাটার নামিয়ে দেন। পরে সেই দোকানেই দুই ভাই একসঙ্গে পুড়ে মারা যান। বৃহস্পতিবার বিকেলে ঢামেক মর্গে দুই ভাইয়ের লাশ শনাক্ত করেন তাঁদের পরিবার।
রাজুর শ্বশুর আবুল খায়ের বলেন, গত ২৮ জানুয়ারি বকশীবাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে তাঁর মেয়ে আফরোজা সুলতানা স্মৃতির সঙ্গে মাহবুবুর রহমান রাজুর বিয়ে হয়। বিয়ের মাস না পেরোতেই রাজু পুড়ে মারা গেলেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের আধা ঘণ্টা আগে রাজুর মা দোকানে এসেছিলেন, আর ১৫ মিনিট পর তাঁর বাবা এসে টাকা নিয়ে যান।
রাজুর শ্বশুর কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কত আয়োজন করে বন্ধু সাহেব উল্লাহর ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মাস না যেতেই মা (মেয়ে) আমার বিধবা হলো। ওর সামনে আমি কী করে দাঁড়াব।”
রাজুদের পাশের একজন ব্যবসায়ী মঞ্জুর হোসেন। তিনি বলেন, “হাসি খুশি রাজু ভাই আজ আমাদের মাঝে নেই ভাবতেই কষ্ট লাগে। তিনি মাত্র এক মাস আগে বিয়ে করেছেন। এখনো বিয়ের আমেজ শেষ হয়নি। তার মধ্যেই এমন ঘটনা ঘটলো। তারা দু’ভাই এই দোকান চালাতো। বেশ সুন্দরভাবেই সব কিছু চলছিল।”
নিহত মাসুদ ও রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী এলাকায়। তাঁরা সপরিবারে চকবাজার এলাকায় বসবাস করেন। ওই দুই ভাই পরিবারের প্রধান কর্মক্ষম ছিলেন। তাঁদের ছোট ভাই মিরাজ এখনো পড়ালেখা করেন। তাঁদের বাবার নাম শাহেব উল্লাহ। তিনিও ব্যবসায়ী ছিলেন।
উল্লেখ্য, চকবাজার এলাকার হাজি ওয়াহেদ ম্যানশন ভবনে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে আগুন লাগে। পরে এই আগুন আশপাশেও ছড়িয়ে যায়। আগুনের ঘটনায় অন্তত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী। লাশের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি। আগুনে দগ্ধ হয়ে অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এমবি





